calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / সারা বাংলা / আমতলীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকার পণ্যসহ দোকানে তালা, থানায় লিখিত অভিযোগ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
সারা বাংলা বিশেষ প্রতিবেদন

আমতলীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকার পণ্যসহ দোকানে তালা, থানায় লিখিত অভিযোগ

বরগুনার আমতলীতে একটি দাখিল মাদ্রাসার ভাড়া দেওয়া দোকান দখলের উদ্দেশ্যে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তিন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার বিরুদ্ধে। এতে দোকানটিতে ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারের প্রায়...

person
উপজেলা প্রতিনিধি verified
Senior Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ • দুপুর ১২:৫২
history আপডেট: ১০ দিন আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

অভিযুক্ত ব্যক্তিরা হলেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ডে সাতটি দোকান নির্মাণ করে। এর পর থেকে দোকানগুলো ভাড়া দিয়ে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত ১ আগস্ট মাদ্রাসা ভবনের সামনে অবস্থিত একটি দোকান ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারকে ভাড়া দেওয়া হয়। সেখানে তিনি পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে শাহজাহান সরদার ও মোশাররফ হোসেন হাওলাদার ওই দোকানে তালা লাগিয়ে দেন। এতে দোকানের ভেতরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ব্যবসায়ীর স্বাভাবিক কার্যক্রম।

ঘটনার খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন দোকানের তালা খুলে দেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। তবে এরপরও তালা খোলা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে তিনি দোকানটিতে পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছেন। বুধবার রাতে শাহজাহান সরদার ও মোশাররফ হাওলাদার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন। এতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনি দ্রুত দোকানটি খুলে দেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে উপজেলা শ্রমিক দলের সহসভাপতি শাহজাহান সরদার দোকানে তালা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে ঘরটি ভাড়া দিয়েছে। তাই তিনি নিজের ঘরে তালা দিয়েছেন। তবে ভাড়ার চুক্তিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। শাহজাহান সরদার আরও বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম হাওলাদারের নির্দেশে তিনি দোকানে তালা দিয়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের বলেন, মাদ্রাসার দোকান দখলের উদ্দেশ্যে শাহজাহান সরদার ও তাঁর সহযোগীরা জোরপূর্বক তালা লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় তিনি আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, দোকানে তালা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁকে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন।

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন বলেন, বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছেন। দলের কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।