সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ১০ দিনের, দুজনকে সাত দিনের এবং চারজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করে আসছিল।
চক্রটির সদস্যরা পাসপোর্টের আবেদন ফরম পূরণ, কাগজপত্র সত্যায়ন, প্রয়োজনীয় নথির ঘাটতি পূরণ এবং ভুল সংশোধনের কথা বলে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতেন। এমনকি ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়া এবং দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েও মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার পরও গ্রাহকদের পাসপোর্ট সরবরাহ করা হতো না। কোথাও কোথাও জাল কাগজপত্রের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে।
এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাধারণ মানুষের পাসপোর্ট সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে আগারগাঁও পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।