বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ও চ্যানেল আই-এ প্রকাশিত সংবাদে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ এই বক্তব্যটি সম্পূর্ণ অমার্জনীয়, অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।
লিগ্যাল নোটিশে বলা হয়, বিরোধী দলের চিফ হুইপ ও একটি রাজনৈতিক দলের প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জাতির কাছে অনাকাঙ্ক্ষিত। এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং বক্তার অপ্রাপ্তবয়স্ক ও প্রজ্ঞাহীন রাজনীতির পরিচয় বহন করে।
নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে যে, বার্তাটি পাওয়ার ১০ দিনের মধ্যে নাহিদ ইসলামকে তাঁর দেওয়া উক্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও বক্তব্য প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে ফৌজদারি মামলা দায়ের করা হবে।