calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
home হোম / আন্তর্জাতিক / গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

জর্ডানে গির্জায় প্রাণঘাতী হামলার জেরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে জর্ডান। সোমবার (২৬ অক্টোবর) দেরা ও সুয়েইদা প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার বেসামরিক...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ • সকাল ১০:২৫
history আপডেট: ৭ দিন আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশের হামুদ এলাকায় একটি গ্রিক অর্থোডক্স গির্জায় বন্দুকধারীদের হামলার জবাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত নয়জন নিহত হন এবং আহত হন আরও কয়েক ডজন মানুষ।

জর্ডানের সামরিক বাহিনীর দাবি, গির্জায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের সিরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ ছিল। দেশটি আরও দাবি করেছে, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই অভিযান চালানো হয়। হামলায় সশস্ত্র গোষ্ঠীর সদস্য হতাহত হয়েছেন এবং তাদের কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে জর্ডান।

তবে এ অভিযানের বিষয়ে জর্ডানের সঙ্গে আগাম সমন্বয়ের কথা অস্বীকার করেছে সিরিয়া। দেশটির সরকার জানিয়েছে, তাদের পূর্বানুমতি বা আগাম অবহিতকরণ ছাড়াই সিরিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দামেস্ক।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দেরা ও সুয়েইদা প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত চারটি স্থানে হামলা হয়। পরে উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেন।

দেরা প্রদেশের আল-তাই গ্রামের একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এ ছাড়া দেরা প্রদেশের আল-শাইয়া এলাকায় হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। একই প্রদেশের আইন আল-বাসাল এলাকার মুজাইরিব শহরে একটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সুয়েইদা প্রদেশের শাহবা শহরে একটি আবাসিক ভবনে হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিমান হামলার পর সিরিয়া ও জর্ডানের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ নাসিব সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে দামেস্ক। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে ওই পথে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও বাণিজ্যিক পণ্য পরিবহন স্থগিত রয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন। আলজাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে এ ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করবে দেশটি।

এদিকে, গির্জায় হামলার ঘটনায় জর্ডানের নিরাপত্তা বাহিনী তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তবে গির্জায় হামলার পেছনে তাদের উদ্দেশ্য এবং কোনো সংগঠনের সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্তের বিস্তারিত এখনো স্পষ্ট নয়।