calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
home হোম / আন্তর্জাতিক / হরমুজ প্রণালির কাছে ভারতীয় নাবিকবাহী দুই জাহাজে হামলা, নিখোঁজ ২
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

হরমুজ প্রণালির কাছে ভারতীয় নাবিকবাহী দুই জাহাজে হামলা, নিখোঁজ ২

হরমুজ প্রণালি ও ওমান উপকূলসংলগ্ন এলাকায় ভারতীয় নাবিকবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি জাহাজে ড্রোন হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। অন্য জাহাজটিতে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতের পর আগুন লাগলেও...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬ • সকাল ১১:২৩
history আপডেট: ২৩ দিন আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

রোববার (১১ অক্টোবর) ঘটে যাওয়া এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনীতি ও আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নিকারাগুয়ার পতাকাবাহী ট্যাংকার এমটি পেট্রো ডলফিনে ড্রোন হামলা হয়। জাহাজটিতে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদ আছেন। বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

একই দিনে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এমটি ভলথেরা নামের আরেকটি বাণিজ্যিক জাহাজেও হামলা হয়। জাহাজটিতে থাকা ১১ ভারতীয় নাবিকের সবাই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতের পর জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

নিখোঁজ নাবিকদের সন্ধানে অভিযান

নিখোঁজ দুই ভারতীয় নাবিককে খুঁজে বের করতে ওমানের স্থানীয় উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে। নিখোঁজ নাবিকদের সন্ধান এবং অন্য নাবিকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভারত সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। হরমুজ প্রণালি অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি ইতোমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিবৃতিতে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।

আঞ্চলিক উত্তেজনায় উদ্বেগ

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি ঘিরে নৌনিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক পরিবহনে প্রভাব পড়তে পারে।

ভারত বলেছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিরোধের সমাধান প্রয়োজন। নিখোঁজ দুই নাবিকের সন্ধান এবং আক্রান্ত জাহাজগুলোর পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।