কুমিল্লায় আলোচিত তনু হত্যা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) হাফিজুর রহমান গ্রেফতার হয়েছেন। তদন্ত সংস্থা পিবিআই বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। বিকালে হাফিজুরকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার দেখানো হলো।
তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমান গ্রেফতার
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, ‘তনু হত্যা মামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছি।’
গ্রেফতারের খবর পেয়ে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে ছুটে যান। সেখানে তনুর বাবা ইয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাফিজুরকে যথাযথ জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি এ ঘটনায় জড়িত সব আসামির গ্রেফতার দাবি করছি।’
গত ৬ এপ্রিল এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। বিচারক তাকে সে অনুমতি দেন। আদালত সূত্রে জানা যায়, এ পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং ৪টি সংস্থার ৭ তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।